top of page

ইলিশ-গাটিকচুর গাঁটছড়া

  • vrvlogshwh
  • Aug 8, 2019
  • 2 min read

গাটি কচু বা কচুমুখী অথবা Taro root যে নামেই ডাকুন না কেন, তা হল আলু পরিবারের সুমাতার সন্তান। গাটি কচু প্রচুর খাদ্যগুণে ভরা। এটি হল জটিল কার্বহাইড্রেট। এ ছাড়াও গাটি কচুতে আছে প্রচুর পরিমাণে ফাইবার, যা চটজলদি পেট ভরতে সাহায্য করে। এইজন্য ওজন কমাতে চাইলে মেনুতে অবশ্যই গাটি কচু রাখবেন। এতে আরো আছে ভিটামিন এ, বি সিক্স, সি, ই এবং folate. এতেও যদি সন্তুষ্ট না হন, তবে শুনুন, গাটি কচুতে প্রভূত পরিমাণে ম্যাগনেশিয়াম, আয়রণ, জিঙ্ক, পটাশিয়াম, ফসফরাস, কপার ইত্যাদি আছে। আরো শুনুন, গাটি কচু আমাদের হজম শক্তি বাড়ায়, এর অ্যান্টি অক্সিডেন্ট আমাদের immune system কে শক্তিশালী করে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। পেটের অসুখ কমায়, বহুমূত্র রোগ নাশ করে এবং হৃদয় মজবুত করে। গাটি কচুর আরো একশো খানেক গুণ আছে। দরকারে একটু রিসার্চ করে নেবেন। কারণ বিস্তারিতভাবে লিখতে গেলে রেসিপি লেখা মাথায় উঠবে। যেহেতু গাটি কচু আলু পরিবারের সদস্য তাই মাছের সাথে এর ভাই ভাই সম্পর্ক। চিংড়ি, শোল, ইলিশ যে কোনো মাছের সাথে রান্না করে দেখুন তাহলেই বুঝতে পারবেন! আজ আমরা ইলিশ আর গাটিকচুর গাঁটছড়া বাঁধবো।


উপকরণ


গাটিকচু দিয়ে ইলিশ রান্নাতে চাই- গাটি কচু- আড়াইশো, গোলগোল দেখে কিনবেন। ইলিশ- মাথা সহ দুই এক পিস। সর্ষের তেল- বড় এক চামচ। নুন, হলুদ- পরিমাণ মত। জিরে, ধনের গুঁড়ো- আধ চামচ। ট্কদই- বড় এক চামচ। তেজপাতা, পাঁচফোড়ন- ফোড়নের জন্য। দুটি খুব ঝাল কাঁচালঙ্কা, অল্প সর্ষে এবং আদা একত্রে বেটে নেওয়া- ছোট এক চামচ। কাশ্মিরি লঙ্কাগুঁড়ো- আধা চামচ। ধনে পাতা কুচো- খানিকটা। চিনি- এক চিমটে।


প্রণালী


গাটিকচু দিয়ে ইলিশ রান্নার প্রারম্ভে খোসাশুদ্ধু গাটিকচুগুলি অল্প ভাপিয়ে নেবেন, সেদ্ধ করবেন না। ইলিশ মাছে নুন, হলুদ মাখিয়ে রাখুন। এরপরে গাটিকচুর খোসা তুলে ফেলে তাতে নুন, হলুদ, অল্প সর্ষের তেল, টকদই, বাটা মশলা, ধনে জিরে গুঁড়ো দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিন। কড়াইতে বাকি সর্ষের তেল গরম করে তাতে ফোড়ন দিন। মাছ দিয়ে ভাজুন হাল্কা করে। তারপর উঠিয়ে নিন। বাকি তেলে মশলা মাখা কচু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মাছ মেশান। অল্প গরম জল দিয়ে নাড়ুন যাতে গা মাখা মাখা ঝোল হয়। কাশ্মিরি লঙ্কাগুঁড়ো আর ধনেপাতা মিশিয়ে মিনিট পাঁচেক ফুটতে দিন। তারপরে চিনি মিশিয়ে এক চিলতে কাঁচা সর্ষের তেল ওপর দিতে ছড়িয়ে নামিয়ে নিন।

Comments


bottom of page