একটি পথ কুকুরের চোখে
- vrvlogshwh
- Aug 9, 2019
- 3 min read

আমি একটি পথ কুকুর, পথেই পড়ে থাকি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তোমাদের মানুষদের ফেলে দেওয়া উচ্ছিষ্ট খেয়েই কোন অভিযোগ না করে তোমাদের পাড়া পাহারা দিই রাত্রি দুপুর। আমাদের জন্য তোমাদের পাড়ায়, তোমাদের বাড়িতে ঢোকার সাহস পায় না। এর জন্য কখনো কখনো আমাদের জীবন দিতেও হয়। পাড়াতে কোন সন্দেহজনক মানুষ দেখলে আমরা চিৎকার করি রাতের বেলা কিন্তু তোমরা সেটা বোঝো না তোমরা আমাদের দোষ দাও, আমাদের জন্য নাকি তোমরা ঘুমাতে পারো না। একটু আদর খাওয়ার জন্য আমরা ও আমাদের বাচ্চারা তোমাদের সন্তানদের পিছন পিছন ঘুরি, কিন্তু তোমরা ভাবো আমরা কামড়াতে যাচ্ছি তাই মেরে তাড়িয়ে দাও আমাদের। জানো মাঝে মাঝে মনে হয় ঈশ্বর যখন আমাদের নিজেদের করার মত কিছু উপায় দেয়নি তাহলে কেন আমাদেরকে সৃষ্টি করেছিলেন? গরমকালে রোদের মধ্যে আমাদের খুব কষ্ট হয়, তৃষ্ণাতে গলা বুক শুকিয়ে যায় কিন্তু আশেপাশে আমরা জল পাইনা। তোমাদের মধ্যে থেকে কিছু মানুষ আমাদের জন্য জলের জায়গা দিয়ে যায় ঠিকই কিন্তু এক দুদিন যেতে না যেতেই নয়তো পৌরসভা নয় তো তোমরা সেই জলের জায়গা ভেঙে নষ্ট করে দাও। কখনো ভেবে দেখেছো গ্রীষ্মের প্রখর রোদে অনেকক্ষণ থাকার পর যখন তোমার জলের জন্য প্রাণ হাঁসফাঁস করে কিন্তু তুমি কোথাও জল পাওনা তখন তোমার কেমন অনুভূতি হয়? বর্ষাকালে আমরা পুরো ভিজে যাই তাই তোমাদের বাড়ির বারান্দায় বা তোমাদের বাড়ির জানালা ও দরজার ঢাকা জায়গার নিচে একটু আশ্রয় নিলে দুধ দূর করে মারতে মারতে তাড়িয়ে দাও। একটুও বোঝনা যে বৃষ্টিতে ভিজলে আমাদেরও কষ্ট হয়, আমাদের শরীর খারাপ হয়। যেন শীতকালে যখন তোমরা তোমাদের সন্তানদের নিয়ে গরম লেপের নিচে ঘুমোউ তখন আমাদের বাচ্চারা আর আমরা ঠান্ডায় কাঁপতে থাকি। তোমাদের বাড়িতে পাড়াতে কোন অনুষ্ঠান হলে কোন পুজো হলে আমরা অপেক্ষা করি হয়তো তোমরা একটু খেতে দেবে আজ আমাদের তাই জন্য অনুষ্ঠানের জায়গার সামনে ঘোরাঘুরি করি আর আমাদের এই অপরাধের জন্য খাবারের পরিবর্তে আমাদের প্রাপ্য হয় আমাদের গায়ে তোমাদের ঢালা গরম জল বা লাঠির ঘা। তোমরা আমাদের খেতে দাও না কিন্তু যারা আমাদের খাওয়াতে চায় তাদের কেন বাঁধা দাও তোমরা? নিজেদের বুকে হাত রেখে বলো তো তোমার সন্তানদের না খাইয়ে রাখতে পারতে তো বা তুমি নিজে কদিন না খেতে থাকতে পারতে? আমরা তো বুঝি না তাই রাস্তার মধ্যে পটি করে ফেলি কিন্তু তোমরা তো বোঝো তাহলে তোমরা আমাদের বকাঝকা না করে আমাদের উপর রাগ না করে একটু জঞ্জাল যারা পরিষ্কার করে তাদের দিয়ে পরিস্কার করিয়ে নিও না গো। সবারই তো বাঁচার অধিকার আছে তাই না? তোমাদের জীবনে কি আমাদের একটু ও অবদান নেই? তাড়াহুড়োতে গাড়ি চালিয়ে আমাদেরকে চাপা দাও, তারপর ফিরেও তাকাও না যে আমি মরে গেছি না বেঁচে আছি। আমরা সঙ্গে সঙ্গে মরি না গো খুব কষ্ট পাই খুব। রাস্তায় পড়ে রক্তাক্ত অবস্থায়, হাত পা ভাঙ্গা অবস্থায় ছটফট করতে থাকি কিন্তু তোমরা ফিরে দেখো না। যারা আমাদের নিশংস ভাবে গাড়ি চাপা দিয়ে চলে যাও তারা কখনো একবারও ভেবে দেখেছো ঠিক এভাবেই যদি তোমার কোন প্রিয় মানুষকে কোন গাড়ি চাপা দিয়ে চলে যেতো আর সে ও মৃত্যু যন্ত্রণায় ছটফট করত তখন তোমার কেমন লাগতো? তোমরা এসব ভাবতে যাবে কেন তোমরা তো জানো আমরা কুকুর তাই আমাদের চাপা দিলে তোমাদের নামে কোন কেস হবে না, কিন্তু একটা কথা মনে রেখো তোমরা কেউ দেখুক আর নাই দেখুক উপর থেকে একজন কিন্তু সব দেখছে তার খাতায় কিন্তু তোমার নামের কেসটা ঠিক নোট হয়ে রইবে। তোমাদের মধ্যে এখন অনেকেই বলবে মারতে চাও নি তবু ভুল করে চাপা দিয়ে ফেলেছো, আচ্ছা যদি ভুল করেও মেরে থাকো তাও এবার থেকে একবার গাড়ি থামিয়ে আমাদের বাঁচানোর চেষ্টা করবে প্লিজ? তোমাদের মানুষের মধ্যে অনেকেই আছে যারা আমাদের খাবারের মধ্যে বিষ মিশিয়ে খাইয়ে দেয়, আমরা তো বোকা তোমাদের মানুষদের ছলচাতুরি বুঝিনা তাই তোমাদের বিষ মেশানো খাবার টাকেই পরম তৃপ্তিতে তোমাদের ভালোবাসা মনে করে খেয়ে ফেলি আর তার পরেই বুঝতে পারি বিশ্বাস করে ঠকেছি। এখানে কিন্তু কেউ দেখলো না যে তোমরা আমাদের ঠকালে কিন্তু আবারও মনে রেখো একজন সব সময় সবার সবকিছু দেখছে, তার দেওয়া শাস্তি থেকে কিন্তু কেউ মুক্তি পাবে না। আমাদের যখন ঘা হয় পোকা হয় আর সেটা দিয়ে গন্ধ ছাড়ে তখন যদি তোমাদের সামনে বা তোমাদের বাড়ির/দোকানের সামনে যাই তোমরা নাক চাপা দিয়ে আমাদের মারতে মারতে তাড়িয়ে দাও আবার কখনো ওই ঘা এর মধ্যেই জল দিয়ে তাড়িয়ে দাও। একটু বোঝার চেষ্টা করো আমাদের ওই সময় এমনিতেই খুব কষ্ট হয় তার ওপর তোমাদের এই ব্যবহার তোমাদের এই অত্যাচার আমাদের আরো মৃত্যুর মুখে ঠেলে দেয়। এমনি ও আমাদের ১৪-১৫ বছরের আয়ু, তবুও তোমরা সব সময় তার আগেই আমাদের মৃত্যু কামনা করো। আচ্ছা তোমরা কি নিজেদের চিন্তা ধারা, মন ও মানসিকতা কখনো পরিবর্তন করতে পারবে না? তোমরা এমন একটা পৃথিবী গড়ে তোলো যেখানে তোমরাও শান্তিতে থাকবে আর আমরাও শান্তিতে বাঁচতে পারবো। অনেক কষ্ট হয় আমাদের অনেক, তোমাদের আমাদের ভালবাসতে হবে না, খেতে দিতে হবে না কিন্তু তোমরা আমাদের মেরো না, আমাদের অত্যাচার করো না। যারা আমাদের ভালোবাসে আমাদের দেখাশোনা করে তাদের উপরও তোমরা অত্যাচার করো না। তোমরা একটা কথা সব সময় মনে রাখবে তোমাদের জীবনে করা প্রতিটা ভুল কর্মের শাস্তি এই পৃথিবীতে না পেলেও একটা জায়গায় অবশ্যই পাবে কারণ তার চোখ থেকে কিছু লুকানো যায়না আর যে মানুষ নিজের ভুল শুধরে নিতে পারে না তাকে সেই তিনি অর্থাৎ ঈশ্বর কোনদিনও ক্ষমা করেন না।
©শর্মিষ্ঠা দাস (বরাহনগর)



Comments