top of page

গ্রীলড স্যামন কাবাব

  • vrvlogshwh
  • Aug 8, 2019
  • 2 min read

কাগজে কলমে না হলেও প্রকৃতিতে শীত এসে পড়েছে, সুপর্ণা! কনকনে সকাল কুয়াশামাখা আর রাত যেন একটু একটু করে বিকেলকে গ্রাস করে নিচ্ছে প্রতিদিন। রিক্তপ্রায় চেরি গাছের লালচে-হলদেটে হেমন্তের পাতাগুলো রোজ রোজ আরো বেশি সংখ্যায় খসে পড়ছে। গৃহহারা রব বুড়ো দস্তানা হাতে, টুপি নাকের কাছে নামিয়ে, কম্বল গায়ে হোম ডিপোর বেঞ্চে বসে সারাটা বেলা ঝিমোতে থাকে। কিছুই করার নেই, কোথাও যাওয়ার নেই তার। শীতের মিঠে রোদে এক অজানা বিষাদ। আর এই বিষাদের নাম উইন্টার ডিপ্রেশান। আমেরিকায় শীত-বিষাদ একটি অতি স্বাভাবিক ঘটনা। প্রতি বছর প্রায় তিন মিলিয়ন মানুষ এই ঋতু-সংক্রান্ত বিষাদে আচ্ছন্ন হন। তারমধ্যে আমার চেনা পরিচিত লোকেরাও আছেন। আমাদের বাঙালিদের জন্য শীত-বিষাদ কাটানোর সবচেয়ে সহজ উপায় হল প্রতিদিনের খাদ্যতালিকায় মাছ অন্তর্ভুক্ত করা। মাছের এত গুণ যে বলে শেষ করা যায়না। মাছে আছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড- ডি এইচ এ এবং ই পি এ যা আমাদের মস্তিস্ককে সুস্থ রাখতে, অ্যালজাইমার, পার্কিনসন এর মত অসুখকে দূরে রাখতে, স্ট্রেস, অ্যাংজাইটি এবং বিষাদের সাথে যুদ্ধে করতে সাহায্য করে। শরীরে ভিটামিন ডি এর পরিমাণ কমে যাওয়াও বিষাদাক্রান্ত হওয়ার অন্যতম কারণ। তাই প্রতিদিন নিয়ম করে সূর্যের আলোয় গা সেঁকতে ভুলবেন না। বিষাদকে দূরে রাখতে কয়েকটি মাছের রেসিপি শেয়ার করে নেব আপনাদের সাথে। আজকের সহজ রেসিপি- স্যামন কাবাব।


উপকরণ


স্যামন কাবাব বানাতে আমাদের চাই- স্যামন ফিলে- কিউব করে কাটা, চারটি। ধনে, জিরে, কাশ্মিরি লঙ্কার গুঁড়ো- এক চামচ করে। লেবুর রস- এক চামচ। গোলমরিচ- এক চামচ। অলিভ অয়েল- এক চামচ। টক দই- এক চামচ। চিনি- এক চিমটে। নুন- স্বাদ অনুযায়ী। skewers- দুটি। সাজাবার জন্য সরু করে কাটা সব্জি। আমি নিয়েছি, বেল পেপার এবং পেঁয়াজ।


প্রণালী


স্যামন কাবাব বানাবার জন্যে- স্যামনের ফিলেতে কাঁটাচামচ দিয়ে কয়েকটি ফুটো করে নিন। এবার মাছে ধনে, জিরে, লঙ্কা গুঁড়ো, টকদই, নুন দিয়ে মেখে ফ্রিজে রেখে দিন ঘন্টা তিনেক। ইতিমধ্যে সরু করে কাটা সব্জিতে নুন, মিষ্টি, গোলমরিচ, লেবুর রস মাখিয়ে নিন। ম্যারিনেট করুন সব্জিদুটো আধাঘন্টা। কাঠের skewers হলে জলে ভিজিয়ে রাখুন। প্যানে অলিভ অয়েল হাল্কা গরম করুন। সব্জিগুলো নাড়িয়ে নিন। পুরো রান্না করবেন না। কচকচে থাকবে। চটপট তুলে সব্জিগুলো পাত্রে বিছিয়ে রাখুন। গ্রীলার প্রি হিট করুন ৩৫০ ডিগ্রি ফারেনহাইটে। skewers এ মাছ গেঁথে, গ্রীলারের ঢাকনা বন্ধ করে মাছের এপিঠ ওপিঠ মিনিট চারেক ঝলসে নিন। skewers থেকে মাছ খুলে নিয়ে রঙবেরঙি সব্জির বিছানায় স্যামন কাবাব পরিবেশন করুন।

Comments


bottom of page